স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০১:০৯ পিএম
 স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

ছবি: প্রতিনিধি

জামালপুর শহরে নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হোসেন তাইফুর, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছে স্বজনেরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী। ঘটনার সময় তাদের দুই সন্তানই নানাবাড়িতে ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনার ওপর হামলা চালান স্বামী তাইফুর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করা হয়।

এ ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে। পরে নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এসএইচ 


 

Link copied!